নিহত টিপু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর পাঁকার ২০ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে টিপুসহ বেশ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যান। রাত ১২টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ৭৮ বিএসএফ চাঁদনীচক ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে টিপু ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্য রাখালরা টিপুর লাশ নিয়ে বাংলাদেশে চলে আসেন। ভোররাতে তড়িঘড়ি করে নিহতের লাশ তার স্বজনরা দাফন করে দেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এরপর থেকেই টিপুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
এদিকে, বিএসএফের গুলিতে টিপু নামে একজন মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য দুরুল হক।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, বিএসএফর গুলিতে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন বলে তিনি শুনেছেন। এই খবর পেয়ে সোমবার সকালে তিনি ওয়াহেদপুর সীমান্ত এলাকায় যান। কিন্তু যে ব্যক্তির মারা যাওয়ার খবর প্রচার হয়েছে তার বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তাই ওই ঘটনায় কেউ মারা গেছে কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি বিজিবি।