পুলিশ সূত্রে জানা যায়, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর দক্ষিণ বাজারে বিকাশ এজেন্ট রফিক মিয়ার দোকানে একদল ডাকাত বুধবার ভোরে হানা দেয়। এসময় দোকানে থাকা দোকান মালিক রফিক ও তার ভাই মোস্তাকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতেরা রফিক ও মোস্তাককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। হাসপাতালে আনার পথে রফিক মিয়ার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান চলছে।
এদিকে ভোর সাড়ে ৩টার দিকে আখাউড়া পৌর এলাকার দূর্গাপুর গ্রামে নূর মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় অস্ত্রের মুখে ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং দু’টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।