কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ফেনীর তিন উপজেলায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের তিন নেতা। সোনাগাজী উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপ্টন, দাগনভূঞা উপজেলায় জেলা যুবলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান দিদারুল কবির রতন ও পরশুরাম উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ফেনী সদরে শহীদ খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোসনা আক্তার, পরশুরামে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সামছুন নাহার পাপিয়াও এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৩০ মার্চ ফেনীর ছয়টি উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ছয়টি উপজেলায় ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভোটের দিনই একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী।
ফেনী সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজাহারুল হক আরজু মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেন।