টাঙ্গাইলে ছাত্রকে বেত্রাঘাত, শিক্ষকের কারাদণ্ড

টাঙ্গাইলটাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক ছাত্রকে বেত্রাঘাত করে গুরুতর জখম করার অপরাধে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বায়েজিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মার্চ)  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেব নাথ এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বায়েজিদ হোসেন নরসিংদি জেলার মনোহরদি উপজেলার চর-মান্দুলিয়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত চামুরিয়া গ্রামের জোবায়ের হোসেন রাহাতকে দেখতে যায় তার বাবা বাবুল হোসেন মিলন। ছেলেকে কান্না করতে দেখে কী হয়েছে জানতে চাইলে বেত্রাঘাতের কথা জানতে পারে এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন দেখতে পান তিনি। পরে এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ জানান, বর্তমান সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর বেত্রাঘাত চালানো নিষেধ থাকা সত্ত্বেও উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক শিশু ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করায় ওই ছাত্রের বাবা বিচার চেয়ে লিখিত অভিযোগ করে। পরে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।