ঝিনাইগাতীতে প্রতিবেশীর দায়ের আঘাতে যুবক নিহত

শেরপুরশেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবেশীর দায়ের আঘাতে শাহাবদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১০ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের সালধা মাঝপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শাহাবদ্দিন ওই গ্রামের আবদুল লতিফ ওরফে জঙ্গু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সালধা গ্রামের কলিম উদ্দিনের ছেলে হেলাল পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিবেশী শাহাবুদ্দিনের মাথায় দা দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে  তিনি মারা যান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং হত্যাকারীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’