৬০ কেজি ওজনের মিষ্টি কুমড়া, দাম ৩২ হাজার

৬০ কেজি ওজনের মিষ্টি কুমড়াবগুড়া সদরের কৈচড় বাজারে প্রায় দেড় মণ (৬০ কেজি) ওজনের একটি মিষ্টি কুমড়া দেখতে উৎসুখ জনতা ভিড় করছেন। এটি প্রতি কেজি ৩০ টাকা ও প্রতিটি বীজ ১০০ টাকা হিসাবে প্রায় ৩২ হাজার টাকায় বিক্রি হবে। তবে ক্রেতাদের এ জন্য আরও ২-৩ দিন অপেক্ষা করতে হবে।

বগুড়ার ফাঁপোড় ইউনিয়নের চান্দাই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী এনামুল হক রাজু জানান, তিনি জেলার বিভিন্ন গ্রাম থেকে আলুসহ বিভিন্ন কাঁচা শাক-সবজি কিনে দেশের বিভিন্ন মোকামে পাইকারি বিক্রি করে থাকেন। কয়েকদিন আগে বরিশালের একটি মোকামে গিয়ে এ বিশাল আকৃতির হাইব্রিড মিষ্টি কুমড়া দেখতে পান। বিক্রেতা তাকে জানিয়েছেন, এটি পাহাড়ী জাতের কুমড়া। প্রায় ৬০ কেজি ওজনের কুমড়াটি তিনি ১৫ হাজার টাকায় কেনেন। কুমড়াটি তিনি কেটে কেজি দরে ও এর বীজ বিক্রির সিদ্ধান্ত নেন। দাম বাড়াতে তিনি কুমড়াটি কৈচড়, শহরের রাজাবাজার ও কাহালু উপজেলার বেলঘড়িয়া বাজারে তোলেন। কুমড়াটি দেখার জন্য কৌতুহলী জনগণ তার বাড়ি ও বাজারে ভিড় করছেন।

রাজু আরও জানান, পনের হাজার টাকায় কুমড়াটি কিনলেও তিনি ৩২ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এ কুমড়ায় অন্তত ৩০০ পিস বীজ থাকার আশা করছেন। কেটে প্রতি কেজি ৩০ টাকা ও প্রতি পিস বীজ ১০০ টাকা করে বিক্রি করবেন। সে হিসাবে কুমড়া ১৮শ’ ও বীজ ৩০ হাজার টাকায় বিক্রি হবে। কুমড়া ও বীজ বিক্রির জন্য তিনি কৈচড় বাজারসহ বিভিন্ন স্থানে আরও ২-৩ দিন প্রদর্শনী করবেন। এরপর বিক্রির সিদ্ধান্ত নেবেন। কুমড়া বিক্রি করে খরচ বাদে অন্তত ১৫ হাজার টাকা আয় করবেন বলে ব্যবসায়ী রাজু আশা করছেন।