ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে যথাযথ ব্যবস্থা: আইজিপি

রাজশাহীতে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তবে আমাদের জানা মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো কোনও পরিস্থিতি এখনও সেখানে নেই।’

সোমবার (১১ মার্চ) বিকালে রাজশাহী পুলিশ লাইন মাঠে মহানগর পুলিশ ও জেলা পুলিশের যৌথ আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

এসময় তিনি আরও বলেন, ‘এটা ডাকসু নির্বাচন। পুরো দেশের নির্বাচন নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বক্তব্য দিয়েছেন। সেখানে জাল ভোট হচ্ছে কি না এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বক্তব্য দিতে পারেন।’রাজশাহীতে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘সব উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এজন্য আমরা সার্বিকভাবে ব্যবস্থা নিয়েছিলাম। আগামীতেও শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে। এজন্য পুলিশ কঠোরভাবে আইন প্রয়োগ করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য (রাজশাহী-২) ফজলে হোসেন বাদশা, আইজিপি’র স্ত্রী হাবিবা জাভেদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেশন) নিশারুল আরিফ, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ।