খুলনায় রূপালী ব্যাংকের দৌলতপুর করপোরেট শাখায় জেনারেটর বিস্ফোরণে আগুন লেগেছে। বুধবার বেলা একটায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কিছু কাগজপত্র পুড়লেও টাকার ভল্ট সুরক্ষিত রয়েছে।
রূপালী ব্যাংক দৌলতপুর করপোরেট শাখার ডিজিএম বিলকিস আরা বলেন, বিদ্যুৎ চলে গেলে নিরাপত্তা কর্মী হাসিব মোল্লা জেনারেটর চালু করেন। এ সময় জেনারেটর বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে হাসিব আহত হন। আর টেবিলে থাকা কিছু কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন প্রুফ হওয়ায় টাকার ভল্ট সুরক্ষিত রয়েছে। আমাদের সব কাজ অনলাইনে হয়। ফলে যা পুড়েছে তা উদ্ধার করা যাবে। ফলে আগুনে পোড়ায় কোনও ক্ষতি হবে না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ পরিচালক আবুল হোসেন জানান, ঘটনার পরই তাদের ৬ টি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ জানান, আগুনের খবর পেয়ে ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।ফলে বহিরাগত লোকজন ব্যাংকে ঢুকতে পারেনি।