ভোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা

উপজেলা পরিষদ নির্বাচনউপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোলার ছয় উপজেলার মধ্যে তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বেসরকারিভাবে এদের নির্বাচিত ঘোষণা করেছেন।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচিতরা হচ্ছেন ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম। দৌলতখান উপজেলায় চেয়ারম্যান মঞ্জুর আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। দৌলতখান উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ মার্চ ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে সেলিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।