বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের ছয় প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচনউপজেলা পরিষদের নির্বাচনে বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে ছয়টিতেই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। পাঁচ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। আর বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চিতলমারীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ছয় উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা।

এছাড়াও বাগেরহাট সদরে মহিলা ভাইস চেয়ারম্যান ও ফকিরহাটে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

আজ বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৩১ মার্চ বাগেরহাটের ৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হচ্ছেন তারা হলেন- বাগেরহাট সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীন, কচুয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম মাহফুজুর রহমান, শরণখোলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন আকন, মোংলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের হাওলাদার, রামপালে যুবলীগ নেতা শেখ মোয়াজ্জেম হোসেন ও চিতলমারীতে অশোক কুমার বড়াল। তারা সবাই আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী।

জেলার বাকি তিন উপজেলার মধ্যে মোল্লাহাট ও মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপরীতে একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আর ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে রয়েছেন ওয়ার্কাস প্রার্থীর একজন প্রার্থী। ফলে চেয়ারম্যান পদে নির্বাচন হবে শুধু এই তিন উপজেলায়।

মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীনুল আলম ছানার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা। মোরেলগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের জেলা কমিটির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট শাহী আলম বাচ্চু বিপরীতে লড়তে যাচ্ছেন রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। ফকিরহাটে আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন কুমার দাসের বিরুদ্ধে লড়বেন ওয়ার্কাস পার্টির মোড়ল নুর মোহাম্মদ।

বুধবার চেয়ারম্যান পদে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চিতলমারী উপজেলার আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী স ম গোলাম সরোয়ার।

বাগেরহাট সদরে মহিলা ভাইস চেয়রম্যান পদে তিনটির মধ্যে দুটি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন উন্নয়নকর্মী রিজিয়া পারভীন। এই পদের দুই প্রার্থী রীনা সুলতানা ও পারভীন খানম বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর আগে ফকিরহাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় পদে শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তবে বাগেরহাটের কোনও উপজেলায় বিএনপি ও তাদের জোটের কোনও শরিক উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পাঁচ উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা ও চার উপজেলার রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, বৈধ একক প্রার্থীদের বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।