রাজবাড়ীতে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানরাজবাড়ীতে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেবার মূল্যতালিকা না টানানো এবং সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করার দায়ে তাদের এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিদফতর সংরক্ষণ আইনে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেবার মূল্য তালিকা না টানানোর কারণে রাজবাড়ী মেডিক্যাল সেন্টার অ্যান্ড হাসপাতালকে ৩৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য করার দায়ে খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

তিনি আরও জানান,  এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।