ঝালকাঠিতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠিঝালকাঠির নলছিটিতে হারুনুর রশীদ হাওলাদার (৬৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে শহরের মালিপুর এলাকার একটি মাঠে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হারুনুর রশীদ মালিপুর এলাকার মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হয় হারুনুর রশীদ। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। হারুনুর রশীদের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করেছেন।

ওসি আবদুল হালিম তালুকদার জানান, এটি আত্মহত্যা  নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।