মগবাজারে ট্রেনের ধাক্কায় আনসার কর্মকর্তার মৃত্যু

ট্রেনে কাটা

রাজধানীর মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত আনসারের প্লাটুন কমান্ডার মো. মোশারফ হোসেন (৫০) মারা গেছেন। বুধবার (২০ মার্চ) বিকেল ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বেলা ১১টার দিকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত মোশারফ হোসেন খুলনা জেলার রূপসা থানার মৃত হোসেন আলীর ছেলে। দুই মেয়ে ও এক ছেলের বাবা এই কর্মকর্তা বর্তমানে থানা কমপ্লেক্সে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মো. বাচ্চু মিয়া বলেন, ‘বুধবার বেলা ১১টার দিকে মগবাজার ওয়ারলেস রেললাইন এলাকায় দুই ট্রেনে মধ্যে পড়ে একটি ট্রেনে ধাক্কায় গুরুতর আহত হয় তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’