লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘বাবুগঞ্জ উপজেলায় এক লাখ ১৫ হাজার ১৬২ জন ভোটারের মধ্যে ২০ ভাগ ভোটারও ২৪ মার্চ কেন্দ্রে যায়নি। সেখানে কী করে নৌকা প্রতীকের প্রার্থী ৩৮ ভাগ ভোট পেলো। ২০টি কেন্দ্রে পুলিশ, র্যাব ও বিজিবির নিরবতায় এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে সরকারি দলের ক্যাডার বাহিনী কেন্দ্র দখল করে ভোট পিটিয়েছে।’ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করে কোনও প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শেখ টিপু সুলতান আরও বলেন, ‘ওয়ার্কার্স পার্টির প্রার্থী শুধু জয়ের জন্য নির্বাচন করেননি। ভোট কেন্দ্র বিমুখ ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনার জন্য স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এভাবে স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র দখল করে জনগণের ভোটাধিকার হরণ করা হলে জনগণের মধ্যে স্থায়ীভাবে অনাস্থাবোধ সৃষ্টি হবে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।’
এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও জেলা কমিটির সদস্য বাবুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএম শাহজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।