মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয়দের সাইকেল র‍্যালি রাজবাড়ীতে





মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয়দের সাইকেল র‍্যালি রাজবাড়ীতেমাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া এবং মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় সাইকেল র‍্যালির সদস্যরা রাজবাড়ীতে এসেছেন। ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন কোলকাতা এবং মানবতার সেবায় উৎসর্গ বাংলাদেশ এর আয়োজনে মাদকবিরোধী এ সাইকেল র‍্যালি নিয়ে তারা বাংলাদেশে এসেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে এ সাইকেল র‍্যালির টিমকে স্বাগত জানান রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মো. শওকত আলী। পরে জেলা প্রশাসক সাইকেল র‍্যালির পতাকা নাড়িয়ে র‍্যালি শুরু করেন এবং রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন সাইকেল র‍্যালির সদস্যরা।

কোলকাতা ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের টিমলিডার সাধারণ সম্পাদক মিহির দাস এবং মানবতার সেবায় উৎসর্গ বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য ও টিম লিডার শেখ শাহারিয়ার পান্নু এ সাইকেল র‍্যালির সার্বিক ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করছেন। এ টিমে ভারতীয়  ১২ জন এবং বাংলাদেশের ৮ জন সাইকলিস্ট রয়েছেন। বুধবার বিকালে তারা রাজবাড়ীতে আসেন এবং সার্কিট হাউজে রাত যাপন শেষে সকালে ঢাকার উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে রওনা করেন।