শিল্পীর ছোট ভাই মুরশীদ আলম জানান, কণ্ঠশিল্পী খুরশীদ আলম শুক্রবার শহরতলির গোকুলে হোটেল মম ইন’এ জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তার সঙ্গে খোকন ও স্বাধীন নামে স্থানীয় দুই ব্যক্তি ছিলেন। রাত ২টার দিকে শহর থেকে খোকন গাড়ি চালিয়ে খুরশীদ আলম ও স্বাধীনকে নিয়ে চারমাথা এলাকায় সেঞ্চুরি মোটেলে যান। রাত ৩টার দিকে হোটেল মম ইন’র দিকে যাওয়ার সময় ঝোঁপগাড়ি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে পৌঁছালে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে খুরশীদ আলম ও অপর দু’জন আহত হন। এদের মধ্যে খুরশীদ আলমকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
নিউরো সার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার সাংবাদিকদের বলেছেন, খুরশীদ আলমের মাথায় রক্তক্ষরণ হয়নি।আঘাতে কয়েকটি দাঁত ভেঙে গেছে।
বগুড়া শজিমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, ‘শিল্পী খুরশীদ আলমের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি ভালো আছেন। ’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান, ‘প্রথমে তার সিটিস্ক্যান করা হবে। এরপর পরিস্থিতি অনুসারে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া তার চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ লাইন্সে রাখা হয়েছে। ট্রাকটির সন্ধান এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।