শীতলক্ষ্যায় সিমেন্টবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ১

উদ্ধারকর্মীদের তৎপরতানারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্টবাহী ট্রলার ডুবে একজন নিখোঁজ রয়েছেন। শনিবার (৩০ মার্চ) সকাল ৬টায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নম্বর ঘাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকের নাম জুয়েল (২৪)।

নারায়ণগঞ্জ নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হেকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার ভোরে বন্দরের শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি থেকে বিসমিল্লাহ পরিবহন নামে একটি ট্রলার ১৭শ’ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের মতলবের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি শীতলক্ষ্যা নদীর মাঝ বরাবর এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই শ্রমিক সাঁতরে তীর উঠতে পারলেও পানিতে তলিয়ে যান জুয়েল।

নিখোঁজ জুয়েলের বড় ভাই মোতালেব হোসেন জানান, সকাল ১০টায় অন্য শ্রমিকরা ফোন করে খবর দেন ট্রলার ডুবে জুয়েল নিখোঁজ রয়েছে। তিনি জুয়েলকে উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, ‘সরকার ও পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, নিখোঁজ জুয়েলকে উদ্ধার করুন।’

নৌপুলিশের ওসি আরও জানান, মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্টবাহী ট্রলারটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পরপরই বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সঙ্গে নিয়ে নৌপুলিশ তল্লাশি শুরু করে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। তবে নিখোঁজ জুয়েলের সন্ধান মেলেনি। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বৈদ্যারগাঁও গ্রামে চান মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে জুয়েল সবার ছোট।

বিকাল ৩টা পর্যন্ত জুয়েলের সন্ধান মেলেনি। নৌপুলিশ, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।