নুর আলমের বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায়। তিনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় নুর আলম পঞ্চগড় সদর থানায় অভিযোগ দাখিল করেছেন।
পুলিশ ও নুর আলম সূত্রে জানা গেছে, বিকাশ ডিস্ট্রিবিউটরের অধীনে ডিস্ট্রিক্ট সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত আছেন নুর আলম। শনিবার বিকালে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে এজেন্টদের কাছ থেকে বিকাশের নগদ সাড়ে সাত লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে আসছিলেন। আসার পথে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের তিন মাইল নামক স্থানে একটি মোটসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তার পথরোধ করে। তারা ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে তার ব্যাগে ফেনসিডিল আছে বলে চ্যালেঞ্জ করে। এ সময় নুর আলম পকেট থেকে মোবাইল ফোন বের করে বিকাশ অফিসে যোগাযোগ করার চেষ্টা করেন। তখন ছিনতাইকারীরা চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ সময় তিনি ছিনতাইকারী বলে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলেও ছিনতাইকারীদের আটক করতে পারেনি।
এ বিষয়ে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমদ এ ছিনতাই প্রসঙ্গে জানান, ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে নাকি থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি জানার পর আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলারও প্রস্তুতি চলছে।