সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে দুর্নীতিকে রুখতেই হবে: দুদক উপপরিচালক

 

খাগড়াছড়িতে দুর্নীতিবিরোধী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দুদকের উপপরিচালক নাসির উদ্দিন আহমেদ

সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে চলমান দুর্নীতিকে রুখতেই হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদ।

তিনি আজ শনিবার (৩০ মার্চ) খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ পি ব্যাটালিয়ন হাইস্কুল অডিটরিয়ামে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন সারা দেশে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করছে। দুর্নীতিবাজদের গ্রেফতার করছে, মামলা করছে, আদালতে সোপর্দ করছে, মামলায় প্রতিদ্বন্দ্বিতা করে সাজা নিশ্চিত করছে। তবে দুদকের একার পক্ষে দেশ থেকে দুর্নীতি দমন করা শতভাগ সম্ভব হবে না। এজন্য দেশের সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দেশ হতে দুর্নীতি দমন সম্ভব হলে দেশ ও দেশের মানুষ সুখে, আনন্দে এবং সমৃদ্ধিতে থাকবে।

দুদকের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ কমিটি স্থানীয় সরকারের প্রতিটি স্তরে কাজ করছে এবং জনগণকে সচেতন করার জন্য কাজ করছে। নারী-পুরুষ-শিশুর মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি হলেই দুর্নীতি দমন করা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, শিশুদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে তিনি আরও বলেন সৎ, দায়িত্বশীল এবং দেশ প্রেমিক নাগরিকরা সুখী, সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে মূল ভূমিকা পালন করবে।

খাগড়াছড়ি সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মো. শানে আলম বলেন, সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে স্বচ্ছতার সঙ্গে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ছাত্রছাত্রীদের নিজেদের প্রতি, নিজেদের বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজেদের প্রতি সৎ থাকলে এবং অর্পিত দায়িত্ব যথাযথ পালন করলে আমাদেরকে কারও দিকে সাহায্যের জন্য তাকিয়ে থাকতে হবে না।

এসময় এ, পি, ব্যাটালিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক এসএম ইলিয়াছ আজম, সহকারী পরিচালক মো. আবুল বাশার, রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সভাপতি মো. শাহ আলম, খাগড়াছড়ি দুপ্রকের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সদস্য শামীম আহমেদ খান, লিটন চৌধুরী, সুইচিংথুই মারমা, রবিউল ইসলাম, এ,পি, ব্যাটালিয়ন হাইস্কুলের শিক্ষক মো. আলম শাহ, মো. কামাল উদ্দিনসহ  অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অসহায়, দরিদ্র ও গরিব ছাত্রছাত্রীদের দুদকের শ্লোগান ও লোগো সম্বলিত স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।