নরসিংদীর ইউএমসি জুটমিলে আগুন

নরসিংদীর ইউএমসি জুটমিলে অগ্নিকাণ্ড

দেশের অন্যতম বৃহৎ নরসিংদীর ইউএমসি জুটমিলের চাঁদপুর ইউনিটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর জানান, রাত ১০ টার দিকে ইউএমসি জুটমিলের চাঁদপুর ইউনিটের পাটের চট তৈরির কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের দুটি ইউনিট ও মাধবদীর ২টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট রাত প্রায় ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।