স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে কিশোরের অর্থদণ্ড

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দণ্ডপ্রাপ্ত আলী হোসেন কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আলী হোসেন (১৬) নামে এক কিশোরকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপঙ্কর রায় এ দণ্ডাদেশ দেন।

রবিবার (৩১ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে আলী হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সে উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আলী হোসেন ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানা গেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল আলী হোসেন। ঘটনার ধারাবাহিকতায় রবিবার স্কুলে আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা আলী হোসেনকে স্কুলে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা মোতাবেক তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। পরে ওই টাকা পরিশোধ করে মুচলেকা দিয়ে ছাড়া পায় কিশোর আলী হোসেন।

ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, অর্থদণ্ডের টাকা জমা দেওয়ায় দণ্ডিত ওই কিশোরকে পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।