বরিশালে ৩৩০ কলেজে ৬৫ হাজার পরীক্ষার্থী

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানবরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৩৩০টি কলেজে এবার  ৬৪ হাজার ৯১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৩৩ হাজার ২৯ জন এবং ৩১ হাজার ৮৯০ জন ছাত্রী। পরীক্ষার্থীর মধ্যে ৫১ হাজার ৪৩৬ জন নিয়মিত, ১২ হাজার ৫৮২ জন অনিয়মিত এবং ৮৭১ জন মানোন্নয়ন এবং ৩০ জন প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার্থীরা বিভাগের ছয় জেলায় ১১৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি পরীক্ষার্থী মানবিক বিভাগে। এ বিভাগে পরীক্ষার্থী ৩৪ হাজার ৪৮৮ জন। বাণিজ্য বিভাগে ১৫ হাজার ৯২৩ জন এবং বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ৫০৮ জন। বরিশাল জেলার ৪২ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৪৬০ জন। ঝালকাঠী জেলায় ১৩ কেন্দ্রে পরীক্ষার্থী ৫ হাজার ১৪৫ জন, পিরোজপুরে ১৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৮ হাজার ২৮৬ জন, পটুয়াখালীর ২১ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৬১৭ জন, বরগুনায় ১২ কেন্দ্রে পরীক্ষার্থী ৬ হাজার ৫২৪ জন এবং ভোলার ১৪ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮৮৭ জন।

পরীক্ষা শুরুর পরপরই সরকারি বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শনকালে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস সবার সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।