দিনাজপুরে ট্রাক্টর চাপায় মুক্তিযোদ্ধা নিহত

দিনাজপুরদিনাজপুরের পুলহাট এলাকায় ট্রাক্টরের চাপায় লুৎফর রহমান (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক মুক্তিযোদ্ধাসহ দুই জন। আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে পুলহাট খসরুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান সদর উপজেলার তাজপুর নতুনহাট এলাকার মৃত বুধু মোহাম্মদের ছেলে। তিনি সাবেক সেনা সদস্য। আহতরা হলেন, তাজপুর বাঙ্গালপুকুর গ্রামের মুক্তিযোদ্ধা মশির উদ্দিন (৬৮) ও খসরুর মোড় হঠাৎপাড়া এলাকার সাইদুর রহমান (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও মশির উদ্দিন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান। এ সময় ট্রাক্টরটি আরও দ্রুত গতিতে সামনে গিয়ে আরেক পথচারীকে ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ওই দুর্ঘটনায় দুই জন আহত হন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটকের চেষ্টা চলছে।