আশুলিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাভারআশুলিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় শিমুলিয়ার তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সুমাইয়া আক্তার (৯) ও জিয়ারমিন (৯)।

সুমাইয়া শিমুলিয়া নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা হামিদ দেওয়ান। জিয়ারমিন একই এলাকার ওয়াজেদ মিয়ার মেয়ে।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, শিমুলিয়া এলাকায় নিজ বাড়ির পাশেই তারা অন্য বন্ধুদের সঙ্গে খেলছিল। পরে জিয়ারমিনের পায়ে রাগা কাদা ধোয়ার জন্য সে পাশের ডোবায় যায়। এসময় পা পিছলে ডোবার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সুমাইয়াও পানিতে পড়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে  মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’