টাঙ্গাইলের বাসাইলে গাছের নিচে চাপা পড়ে নায়েব আলী নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাপনাজোর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার দেউলী গ্রামের নায়েব আলী দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে আসছিলেন। তিনি সকালে পাশ্ববর্তী দাপনাজোর গ্রামের বজলুর রহমানের বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটার সময় এক পর্যায়ে একটি গাছ তার ওপর পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য হিকমত আলী বলেন, ‘লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে।’