কুমিল্লার লাকসামে লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ আরও চার জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দনা এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ও আহতদের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামে।
লাকসাম থানার ওসি মনোজ কুমার দে জানান, লাকসামে ডাক্তার দেখিয়ে চারজন যাত্রী অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। চন্দনা এলাকায় নোয়াখালী থেকে লাকসামগামী একটি লরি (ঢাকা-মেট্টো-ঢ-৮৪-০৩১১) ওই অটোরিকশাটিকে (নম্বর বিহীন) চাপা দিলে ঘটনাস্থলেই পারভিন আক্তার সুমি (২০) নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় নিহতের স্বামী বাবুল মিয়া (২৮), একই গ্রামের লিটনের স্ত্রী নুরুন্নাহার বেগম (৩৮), সালেহ আহমদের স্ত্রী রুনা আক্তার (২৭) ও নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত রব্বান আলীর ছেলে অটোরিকশার চালক বাবুল মিয়া (৪৫) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।