পাটকল সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খুলনার প্লাটিনাম জুট মিল সিবিএ সভাপতি খলিলুর রহমান বলেন, ‘বিজেএমসি’র ডাকা বৈঠকে অংশ নিতে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক লীগ, সিবিএ ও নন সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদকরা ঢাকায় এসেছি। শুক্রবার বিকালে এ অঞ্চলের নেতারা ঢাকার উদ্দেশে যাত্রা করি। ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শ্রমিক নেতারাও ঢাকার এ বৈঠকে আসবেন।’
পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সহকারী সম্পাদক মো. মুরাদ হোসেন বলেন, ‘খুলনা ও যশোরের পাটকল শ্রমিক নেতারা যার যার সুবিধামত ঢাকায় এসেছেন। শনিবারের বৈঠক শেষে ফলাফল জানিয়ে দেওয়া হবে। শনিবার বিজেএমসির সঙ্গে বৈঠক সফল হোক বা না হোক রবিবারের বৈঠক হবেই। রবিবারের বৈঠক পাটকল শ্রমিক লীগ, সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের নিয়মিত বৈঠক। বিজেএমসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে রবিবারের বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে। আর বিজেএমসির সঙ্গে শনিবারের বৈঠক সফল না হলে রবিবারের বৈঠকে আন্দোলনের লাগাতার কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’
উল্লেখ্য, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গত ২ এপ্রিল থেকে পাটকল শ্রমিক লীগ, সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ লাল পতাকা মিছিল ও বিক্ষোভ, ৭২ ঘণ্টা ধর্মঘট, রাজপথ-রেলপথ অবরোধসহ চার দিনের কর্মসূচি পালন করে।