শুক্রবার (৫ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মণ্ডপ এর সবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। ভারতীয় অর্থায়নে ২ কোটি ৫৩ লক্ষ ৩৪ হাজার ৪০০ টাকা ব্যয়ে এই মন্দির ও মণ্ডপ নির্মাণ করা হয়েছে।
হাইকমিশনার আরও বলেন, ‘বাংলাদেশের মাঝে সিলেট বিভাগ একটি গুরুত্বপূর্ণ স্থান। এই সিলেটের সঙ্গে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরার সীমান্ত রয়েছে। এই তিন রাজ্যের সঙ্গে সিলেটের ভাষা, সংস্কৃতি ও সামাজিকতায় সুনিবিড় সম্পর্ক রয়েছে। ফলে প্রয়োজনীয়তা উপলব্দি করেই সিলেটে একটি ভারতীয় ভিসা কেন্দ্র চালু করা হয়েছে। সিলেট বিভাগে বহু ভাষাভাষী মানুষজনের বসবাস। তাদের রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি। এ সংস্কৃতির সুষ্ঠু বিকাশে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। তার ফলশ্রুতিতে ভারতীয় হাইকমিশন কমলগঞ্জে কয়েকটি কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের সঙ্গে সিলেটের ব্যবসা বাণিজ্যের সুসম্পর্ক রয়েছে। এ ব্যবসা বাণিজ্য আরও তরান্বিত করতে দুই দেশ একযোগে কাজ করছে। প্রয়োজনীয় স্থানে সীমান্ত হাট হচ্ছে। সিলেট বিভাগ ছাড়াও বাংলাদেশের যে কোনও স্থানে সার্বিক উন্নয়ন ভারত সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতে আরও দিয়ে যাবে। এভাবেই দুই দেশ আরও কাছাকাছি আসতে পারবে।’
তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপ কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক ছালিয়া সিংহের সভাপতিত্বে ও মানবিকা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা। স্বাগত বক্তব্য রাখেন তিলকপুর চাকরিজীবী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক স্বপন কুমার সিংহ।
অনুষ্ঠান শেষে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশের সম্মানে মণিপুরী শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ ও তার সফরসঙ্গীদের মণিপুরীদের ঐতিহ্যবাহী শাড়ি, গামছাসহ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার অফিসের কর্মকর্তা, স্থানীয় মণিপুরী সম্পদায়ের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে রীভা গাঙ্গুলী দাশ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ভারতীয় হাইকমিশনের ৩৫ লাখ টাকার সহায়তায় নির্মাণাধীন আধুনিক মণিপুরী থিয়েটার স্টুডিও নাটমন্ডপের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।