খুলনায় স্ত্রীকে হত্যার অভিযোগে এপিবিএন সদস্য আটক

নিহত গৃহবধূ এবং অভিযুক্ত স্বামীখুলনায় স্ত্রী জোয়ানা আক্তারকে (২০) মারধর ও  শ্বাসরোধ করে  হত্যার অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নায়েক মাহমুদ আলমকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) মহানগরীর শিরামনি বাদামতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে শনিবার (৬ এপ্রিল) মাহমুদ আলমকে আটক করা হয়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে মাহমুদ আলম তার স্ত্রী জোয়ানা আক্তারকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর শনিবার ভোরে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান। দুপুরের দিকে কোনও সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন খোঁজ  নিতে গিয়ে ঘরে জোয়ানা আক্তারকে পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ  দুপুর ২টার দিকে জোয়ানাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শনিবার বিকাল ৪টার দিকে মাহমুদ আলমকে আটক করা হয়।  

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলজ হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে।