নিখোঁজের সাতদিন পর মিললো স্কুলছাত্র শুভ’র গলাকাটা লাশ

ফেনীর স্কুলছাত্র শুভ

ফেনীতে নিখোঁজের সাতদিন পর অষ্টম শ্রেণির এক ছাত্রের গলাকাটা গলিত লাশ উদ্ধার হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকালে শহরতলীর মাথিয়ারায় কলাবাগানের  ডোবা থেকে তার  লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম আরাফাত হোসেন শুভ (১৩) ।  সে তেমুহনী মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিল।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এই নিয়ে তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ বিকালে সাইকেল নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ হয় শুভ। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্বজনরা পুলিশকে অবগত করেন। পরে থানায় জিডি করেন শুভ’র মামা জালাল আহম্মদ। পরে আটককৃত একাধিক কিশোরের দেয়া তথ্য মতে রবিবার সকালে তেমুহনি বাজারের একটি দোকান থেকে তার ব্যবহৃত সাইকেল ও পরে ওই দোকানের পেছনের একটি ডোবা থেকে তার গলাকাটা গলিত লাশ পুলিশ উদ্ধার করে।

নিহত আরাফাত হোসেন শুভ পাশের দক্ষিণ কাশিমপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইমাম হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে শুভ সবার বড়।  এ ঘটনায় নিহতের বাড়িতে শোকে মাতম চলছে।