দোয়ারাবাজারে নৌকায় বজ্রাঘাত, নিহত ১ আহত ২

সুনামগঞ্জসুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রাঘাতে এক বারকি (বালু-পাথর টানা নৌকা) শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আলী হোসেন (২৭)। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের জালাল মিয়ার ছেলে আসাব উদ্দিন (২৫) ও ভুজনা গ্রামের আজিজ মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৯)।

পুলিশ ও এলাকাবাসী জানায় উপজেলার চেলা নদীতে বারকি নৌকায় চড়ে বালি পাথর উত্তোলনে যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। এসময় দুই জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস বলেন, ‘নদীতে বালি পাথর উত্তোলন করতে যাওয়ার সময় নৌকায় বজ্রপাতের এঘটনা ঘটে। নিহত আলী হোসেনের লাশ পরিবার নিয়ে গেছে।’