কালীগঞ্জে ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে পেলো কৃষি উপকরণ

ঝিনাইদহে কৃষকদের কাছে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে জনপ্রতি কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ২৫ কেজি রাসায়নিক  সার দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিফ-১/ ২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, জনপ্রতি কৃষক ৫ কেজি করে ধানের বীজ ও ২৫ কেজি করে সার পেয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ বিনামূল্যে তুলে দেন।