চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানায় ভারী লোহা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
নিহত শ্রমিকের নাম রঞ্জিত বর্মণ। তিনি রংপুরের পীরগাছা এলাকার মোহন চন্দ্র বর্মণের ছেলে।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রঞ্জিত বর্মণকে গুরুতর আহত অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রঞ্জিত জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে কাজ করতেন।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘ফ্যাক্টরিতে ট্রাক থেকে লোহার বার আনলোড করার সময় মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন।’