চট্টগ্রামে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁস, আটক ১

১২৩

মোবাইল ফোনে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. কাইয়ুম উদ্দিন (২০) নামে এক তরুণকে আটক করেছে র‌্যাব। বুধবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রামের পটিয়া থানার উল্টর বাকহাইন এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এই তথ্য জানিয়েছেন।

আটক কাইয়ুমের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট, দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তর বাকহাইন এলাকায় কিছু ব্যক্তি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে মোবাইল ফোনে প্রশ্নপ্রত্র সরবরাহ করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে কাইয়ুমকে আটক করে। কাইয়ুম ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক এর মাধ্যমে পরীক্ষার্থীদের সরবরাহ করতো।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁস করে সেগুলো টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করছিল। কাইয়ুমের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’