এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার বিভিন্ন স্থান ভাঙাচোরা। বৃষ্টি হলেই ভাঙা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন প্রায় চারশ’ পরিবারের মানুষকে। দুর্ভোগ দূর করার জন্য গ্রামবাসী জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার গিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলেন। নেমে পড়লেন রাস্তা সংস্কারের কাজে।
নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটি পাড়া (খালিসা পাড়া) গ্রামের খালিসা পাড়ার যুবকেরা স্বেচ্ছাশ্রমে আব্দুল আজিজের বাড়ি হতে হানিফার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সংস্কার করছেন। ইতোমধ্যে এ রাস্তার ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজ আগামী দুয়েক দিনের মধ্যেই শেষ হবে।
কুন্দুপুকুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান আলী চৌধুরি বলেন, ‘রাস্তাটির সংস্কারে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার দরকার হতো। কিন্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় এলাকার যুব সমাজ স্বেচ্ছাশ্রমে কাজটি শুরু করেন। কাজটি চলছে।’
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুর রহমান বলেন, ‘এখানে প্রায় চারশ’ পরিবার দীর্ঘদিন থেকে ওই ভাঙা রাস্তা দিয়ে বর্ষায় কাদাপানি পেরিয়ে সদরের দারোয়ানী সুতাকল (টেক্সটাইলমিল) ও জেলা শহরে যাতায়ত করেন। সরকারি বাজেটের জন্য ইউনিয়ন পর্যায়ে অনেক চেষ্টা করে আজ পর্যন্ত তা পাওয়া যায়নি। তাই এলাকার চেয়ারম্যানের ব্যক্তিগত সহযোগিতা ও খালিসা পাড়া যুবসমাজের উদ্যোগে সংস্কার হচ্ছে ওই এক কিলোমিটার রাস্তা।’