পাবনায় ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

পাবনায় কৃষক সমিতির নেতাকে গুলি ও কুপিয়ে হত্যাপাবনা সদরের হাড়িয়াবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শৈশব (২৩) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শৈশব সদর উপজেলার পৌর এলাকার সিংগা পালপাড়া মহল্লার ভাদু সাহার ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক শুক্রবার রাত ৮টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, এলাকায় আধিপত্য নিয়ে শৈশবের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে ঘটনার দিন সন্ধ্যার দিকে সদরের মালঞ্চি ইউনিয়নের হাড়িয়াবাড়ি এলাকায় প্রতিপক্ষের লোকজন শৈশবকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও বেধড়ক মারপিট করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো  হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।