সিরাজগঞ্জে বাল্যবিয়ের ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার ৩টি গ্রামে অভিযান চালিয়ে ৩ স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এসব অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া তিন কিশোরীর বয়স তের থেকে পনেরর মধ্যে। উপজেলার পৃথক তিনটি গ্রামে তাদের বাড়ি। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, প্রতিটি গ্রামে কিশোরীদের বয়স বাড়িয়ে বিয়ের আয়োজন চলছিল। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে সবখানেই কাজী পালিয়ে যায়। তিনটি বাড়িতেই কম বয়সী কিশোরীর সঙ্গে বিয়ের সমন্ধ করায় তিন হবু বরের বাবাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও মেয়ের বয়স ১৮ বছর না হলে বিয়ে দেবেন না বলে তিন কিশোরীর বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।