প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়ে সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা এমপি মুন্নার

সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লগের সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না

আগামী পহেলা জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলাকে ও ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। তিনি সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে এক সভায় এ ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কথা দিয়েছি আগামী ১ জুলাই সদর উপজেলাকে এবং ৩১ ডিসেম্বর পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতাই হলো মাদক। এটি শুধু পরিবারকে নয়, বরং সমাজ ও দেশকে ধ্বংস করে। জেলা থেকে সমূলে মাদকের শিকড় উৎপাটনে সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এমপি মুন্না।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী, সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফেতখার উদ্দিন মুসলেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন, সাংবাদিক হেলাল উদ্দিন, সদর ওসি মোহাম্মদ দাউদ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।