আড়াইহাজারে মন্দিরের মূর্তি ভাঙার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের উচিৎপুরা এলাকায় সিদঁ কেটে মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে মন্দির কমিটির পক্ষে প্রদীপ মিত্র বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে এই মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক লোকনাথ বর্মন জানান, শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে পূজা অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান হ্যাপি রানী মিত্র। সন্ধ্যায় আবারও পূজা অর্চনার জন্য মন্দিরের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন রাধা, কৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ মূতির মাথা, হাত ও পেটের বিভিন্ন অংশে ভাঙা। ঘরের মূতির পাশে দিয়ে মাটি খোঁড়া, জানালা খোলা।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ঘরের মাটি খুঁড়ে ভেতরে ঢুকে মূর্তি ভাঙচুর করে জানালা দিয়ে পালিয়ে যায় র্দুবৃত্তরা।

এদিকে প্রতিমা ভাঙার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স, সহকারী পুলিশ সুপার আফছার উদ্দিন ভুইয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন চন্দ্র দেসহ আরও অনেকে।