দেশের বিভিন্ন জেলায় রবিবার (২৮ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে চাঁদপুরে ছয়জন এবং ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চাঁদপুর
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিযাত্রী।
নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার সাহাপুরের আবুল কালাম (৬৫), কচুয়ার রণজিৎ চন্দ্র মজুমদার (৫৮), আশ্রাফপুর ইউনিয়নের ভবানিপুরের জান্নাতুল ফেরদৌস মনি (২৭), তার ছেলে রোমান (৮), কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের ফখরুল ইসলাম (৭০) ও কচুয়ার জগৎপুরের শাহজাহান (৪৫)।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন আরাফাত (৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গাড়ি ভাঙচুর ও লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীর হাট সড়ক দুই ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই ইয়াকুব বলেন, নিহত আরাফাত স্থানীয় মো. বাবুলের ছেলে ও ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেনী
ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় খোরশেদ খান (৪৫) নামে এক ট্রাভেলস এজেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় সিএনজি চালকসহ দুজন আহত হন। রবিবার সকালে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের হাসানপুরে এই দুর্ঘটনা ঘটে।
ফুলগাজী থানার এসআই মো. সেলিম বলেন, রবিবার সকালে ঢাকার উদ্দেশে খোরশেদ তার বাড়ি থেকে সিএনজিতে করে জেলা শহরে আসলে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন দু’জন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় ট্রাকচাপায় আব্দুল কুদ্দুস (৩২) নামে ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস সরাইল নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, সকালে একদল ধানকাটার শ্রমিক জমিতে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক কুট্টাপাড়া এলাকায় আব্দুল কুদ্দুসকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্তি মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুস সালাম জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।