সত্তরোর্ধ্ব বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Jessoreযশোরের মণিরামপুরে শাহিদা বেগম নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শাহিদা বেগম মণিরামপুর উপজেলার মুন্সিখানপুর এলাকার মৃত মোকছেদ আলীর স্ত্রী।

এই ঘটনায় নিহতের ছেলে আবদুর রাজ্জাক খান থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বৃদ্ধার ছেলে আর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে খাবার খেয়ে তার মা ঘুমাতে যান। পরদিন ভোর ৫টার দিকে বাড়ির পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পেয়ে তার এক চাচা চিৎকার দেন। পরে তারা মরদেহ নামিয়ে আনেন।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত দাস বলেন, ‘ওই বৃদ্ধা অসুস্থ ছিলেন বলে অপমৃত্যু মামলায় তার ছেলে  উল্লেখ করেছেন। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, মরদেহ মাটিতে হাঁটু লাগানো অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া মরদেহের গলার দাগটি সন্দেহজনক মনে হয়েছে।’

বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই প্রশান্ত।