ফুলবাড়ী সীমান্তে ৩ মাসে ৪ কোটি ১৫ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য আটক

সীমান্ত (ফাইল ছবি)দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে গত তিন মাসে চার কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৮১৯ টাকার বিভিন্ন মালামাল  ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আটক করা হয়েছে ২৮ জনকে। ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লা আবেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ফুলবাড়ীর ২৯ বিজিবি গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ৬৯২ বোতল, এমকেডি ১৭ বোতন, বিদেশি মদ ২৩ বোতল, দেশি মদ ১৬.৭ লিটার, গাঁজা ৪০৫ গ্রাম, ভাং তিন কেজি, ইয়াবা ট্যাবলেট ১৫২ পিচ, যৌন উত্তেজক সিরাপ চার হাজার ৫৩৫ বোতল, যৌন উত্তেজক ট্যাবলেট এক লাখ ৫৮ হাজার ২২০টি, বুপ্রেনোপিন ইনজেকশন ১২ হাজার ৩৪৫ পিচ। এগুলোর অনুমানিক মূল্য ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮৮০ টাকা।

অন্যান্য মালের মধ্যে আটককৃত শাড়ি, খ্রিপিচ, লেহেঙ্গা, প্যান্ট পিস, শার্ট পিস, মোবাইল, বিভিন্ন ধরনের জর্দা, বিস্কুট, জুস, রোগ নিরাময়ী ইনজেকশন, হরলিক্স, মোটরসাইকেল, বাইসাইকেল, বিটলবন, আঙ্গুর, চেরি ফল, জিরা, আপেল, ছাগল, প্রসাধনী সামগ্রী, সিটি গোল্ড, ইমিটেশন অলঙ্কার, শাল, চাদর, ডেক্সিন ট্যাবলেট, নিউসিপ ট্যাবলেট, ব্যাথানাশক ইনজেকশন ও বাংলাদেশি বিভিন্ন ধরনের ওষুধ আটক করেন। এগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৯৩৯ টাকা। এছাড়া চোরাকাবারের সঙ্গে জড়িত ২৮ জনকে আটক করা হয়।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লা আবেদ (এসজিপি) জানান, ‘সীমান্ত এলাকায় চোরাচালান, নারী পাচার ও সীমান্তে হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে। আমরা সীমান্ত এলাকায় বসবাসরত সব নাগরিককে সীমান্তের জিরো পয়েন্টে যাতায়াত এবং অবৈধ ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সভা, সমাবেশ ও জনসচেতনতামূলক অনুষ্ঠান করে সতর্ক করে দিচ্ছি। মালামাল আটকের প্রতিটি ঘটনায় চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’