গ্রেফতারের পর অভিযানে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১৯ মামলার আসামি

বন্দুকযুদ্ধচাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া-পুলপাড়ায় পুলিশের সঙ্গে কথিত গুলি বিনিময়ের পর হত্যা, বিস্ফোরকসহ ১৯ মামলার পলাতক আসামি মোহাম্মদ বাঘা (৩৫) নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে।

নিহত বাঘা সদর উপজেলার চুনাখালির মৃত শাহাবুদ্দীনের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে বাঘাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে তার সহযোগীদের ধরতে বারোঘরিয়া-পুলপাড়ায় অভিযানে যায় তারা। সেখানে পৌঁছালে বাঘার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে গুরতর আহত হয় বাঘা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও চারটি হাসুয়া উদ্ধার করা হয়। বাঘার বিরুদ্ধে দুটি হত্যাসহ ১৯ টি মামলা রয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলেও জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সদর থানা পুলিশের তিন সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।