ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় আগাম প্রস্তুতি টেকনাফে

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে চার নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে উপকূলে। আসন্ন ঝড় মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোহিঙ্গা শিবিরসহ উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। টেকনাফ স্থানীয় প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় ইউপি চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চার নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত থাকায় সাগরে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের এবং আশ্রয় কেন্দ্রগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিপিপি কর্মকর্তা আব্দুল মতিন জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ইউএনও অফিসে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক চলছে। ইতোমধ্যে সিপিপি সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ বুধবার দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। তা আরও ঘণীভূত হয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।