‘ফণী নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি’

ব্রহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরীবেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ঘূর্ণিঝড় ফণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে জড়িয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। আওয়ামী লীগের চক্রান্তে ফণী নাকি ভারতে সৃষ্টি হয়েছে। এটা বিএনপির উর্বর মস্তিস্কের বহিঃপ্রকাশ।’ বিএনপির এসব চিন্তা চেতনা পাগলের প্রলাপ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

ছয়তলা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজ সেবা কমপ্লেক্স ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আজ শনিবার সকালে শহরের মেড্ডা এলাকায় প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। জেলা সমাজ সেবা কমপ্লেক্স ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা।

অপর এক প্রশ্নের জবাবে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘বিএনপি জানতোই না যে তাদের সংসদ সদস্যরা শপথ নেবে। হঠাৎ করে লন্ডন থেকে সাজাপ্রাপ্ত আসামির নির্দেশে নাকি সবাই শপথ নিয়েছেন। আবার যিনি বিএনপি সংসদ সদস্যদের শপথ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি আবার শপথ নেননি। বিএনপির এ এক অদ্ভুত লীলাখেলা।’

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর হাসান তাপস, পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর মামুন সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ।