মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মল্লিকারপাড় এলাকায় আসলাম ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ কারেন্ট জালের মূল্য প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকা।
রবিবার (৫ মে) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির মালিক আসলাম ফকিরকে (৪২) আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ জানান, মুক্তারপুর এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে ধলেশ্বরী নদীর তীরে মুক্তারপুর কবরস্থান সংলগ্ন এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়।