চাটখিলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩




নোয়াখালীনোয়াখালীর চাটখিল উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (৮ মে) সকাল পৌনে ১০টায় উপজেলার পরকোট ইউনিয়নের ১১ নম্বর পোল মুন্সির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত এবং আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে জননী সার্ভিসের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে চাটখিল বাজার পার হয়ে ১১ নম্বর মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তিন  যাত্রী নিহত এবং অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।