ফুলবাড়িয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহময়মনসিংহের ফুলবাড়িয়ায় পরকীয়া প্রেমের কারণে পূর্ব শত্রুতার জের ধরে সালমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রাক্তন প্রেমিক। এ ঘটনায় দুদুমিয়া (৪০) নামে একজন আহত হয়েছেন। আহত দুদু মিয়াকে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়িয়া উপজেলার শিবগঞ্জ বাজারের পাশের পাড়াজান গ্রামে এই ঘটনা ঘটে।

গৃহবধূ হত্যার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, পুটিজানান ইউনিয়নের পাড়াজান গ্রামের মজিবুরের মেয়ে সালমা আক্তার তার পরিচিত দুদু মিয়াকে সঙ্গে নিয়ে মুক্তাগাছা থেকে বাড়ি ফিরছিলেন। পাড়াজান গ্রামেই তার বিয়ে হয়েছে। বাড়ি ফেরার পথে শিবগঞ্জ বাজারের কাছে পৌঁছালে প্রাক্তন প্রেমিক টিও সালাম তার ওপর হামলা চালায় ও ছুরিকাঘাত করে। বাধা দিলে দুদু মিয়াকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় সালাম। ঘটনাস্থলেই সালমার মৃত্যু হয়।

ওসি আরও জানান, সালমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল টিও সালামের। তবে দীর্ঘদিন ধরে তাদের দুই জনের মধ্যে কোনও সম্পর্ক না থাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সালাম ছুরিকাঘাত করে হত্যা করেছে সালমাকে। ঘাতক সালামকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ময়নাতদন্তের জন্য সালমার মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ফিরোজ তালুকদার।