কাহারোলে পিকআপের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

দিনাজপুরদিনাজপুরের কাহারোলে পিকআপের ধাক্কায় সাকিব হোসেন (২০) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ মে) সকাল ৯টার দিকে কাহারোল উপজেলার রামপুরা ব্রিজের কাছে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব হোসেন কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ঢিপিকুড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রামপুরা বাজারে যাওয়ার পথে ব্রিজের কাছে একটি ওষুধবাহী পিকআপ পেছন দিক থেকে সাকিবকে ধাক্কা দেয়। সাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক পিকআপটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমঙ্গীর হোসেন জানান, এব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পিকআপটি থানায় নেওয়া হয়েছে।