মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক গুলিবিদ্ধ, আটক ১২

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের গজারিয়ায় শিপইয়ার্ডের ভাঙ্গারি ব্যবসা এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ইসমানিরচরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আরমান নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় আরমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৩ মে) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নারীসহ ১২ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো- আব্দুর রশিদ ফরাজি (৬০), ভুলু মিয়া (৫৫), নাজিম ফরাজি (৬০), জাহিদ হোসেন (৩২), শুকুর আলী (২৮), রাসেল (২৮), হাবিল সর্দার (৭২), রিনা আক্তার (৫০), মনিরা (২৪), জ্যোতি (২১), খোরশেদা (৩৬) সুরাইয়া (৪৭)। এ সময় ৪-৫টি ঘর ভাঙচুর করা হয়। গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বসুন্ধরা শিপইয়ার্ডের ভাঙ্গারি দখল করাকে কেন্দ্র করে ইসমানিরচরের বিএনপি সমর্থক রিপন গ্রুপ ও আওয়ামী লীগ সমর্থক আতাউরের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব সংঘাত লেগে আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় রিপন অনেকটা দুর্বল হয়ে পড়লে তার পক্ষে আওয়ামী লীগ ঘরানার হারুন, রায়হান, হাসান, মিম, কিরণ, হুমায়ুন ইব্রাহিম গ্রুপ ভাঙ্গারি ব্যবসার হাল ধরে। এরইমধ্যে  মাসখানেক আগে এলাকার মুদি দোকানি জহির ফরাজিকে মারধরের মামলায় আতাউর এলাকা ছাড়া হয়। এই সুযোগে সোমবার সকাল ৭টার দিকে রিপন গ্রুপের লোকজন আতাউর গ্রুপের লোকদের বাড়িতে হামলা চালায়। এ সময় আতাউর গ্রুপের লোকজন আরমানকে গুলি করে পালিয়ে যায়। আরমানের বুকে ও ডান হাতে গুলি লাগলে গুরুতর আহত হয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।